ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ডাইমার গ্রামে রুশ হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাতে চালানো এই হামলায় গ্রামটিতে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিয়েভের আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ধসে পড়া ওই ভবন থেকে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধাকেও জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তকাচেঙ্কো জানান, উদ্ধার হওয়া ওই বৃদ্ধাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, হামলায় ছয়জন আহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বিলা তসেরকভা এলাকায় একটি বাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন এবং ভবনটিতে আগুন ধরে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রোববার কিয়েভ অঞ্চলের ভিশনেভ এলাকার একটি মুদিদোকানে পৃথক রুশ হামলায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় মেয়র ইলিয়া ডিকভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
অন্যদিকে, ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রাশিয়া হামলা চালিয়েছে বলে এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সেগেই কোরেৎস্কি। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, স্থানীয় সময় ভোর পাঁচটায় পরিবারগুলো যখন ঘুমিয়ে ছিল, ঠিক তখনই আবাসিক ভবনটিতে আঘাত হানা হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের ১০টি অঞ্চলে ৭০টির বেশি হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও
এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ঘটনাস্থলে ১৩০ জনের বেশি কর্মী জরুরি উদ্ধারকাজে নিয়োজিত আছেন এবং ‘প্রতিটি মানুষের বিষয়ে সম্পূর্ণ তথ্য’ না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হামলাটি আবাসিক ভবনে আঘাত হেনে কার্যত এর একটি অংশ গুঁড়িয়ে দিয়েছে। নিরবচ্ছিন্ন নতুন বিমান হামলার সতর্কতা ও পুনরায় আক্রমণের হুমকির কারণে উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এ ধরনের হামলা অব্যাহত রয়েছে।










