রাফাহ সীমান্তে চলাচলে কড়াকড়ি থাকায় টানা চতুর্থ বছরের মতো পবিত্র হজ পালন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন গাজার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে নিবন্ধন করেও হজে যাওয়ার সুযোগ পাননি তাঁরা। দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে গুনতেই স্বপ্ন অপূর্ণ রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রায় ৪০০ নিবন্ধিত হজযাত্রী। সংবাদমাধ্যম দ্য প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তাল জানান, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি হজে যাওয়ার অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। ভবিষ্যতে ভ্রমণের সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজ লটারিতে নির্বাচিত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি মারা যাওয়া নিবন্ধনকারীদের কোটা যেন বাতিল না হয়, সে জন্য তাঁদের পরিবারের সদস্যদের সেই সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। আল-আস্তালের ভাষ্য, সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি ও মিসরের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় গাজার হজযাত্রীরা বের হতে পারছেন না।
তাই হজযাত্রীরা যাতে নিরাপদে সৌদি আরবে গিয়ে হজ পালন শেষে আবার নিজ ভূমিতে ফিরতে পারেন, সে জন্য সুনির্দিষ্ট নিশ্চয়তা দাবি করেছেন তিনি। যুদ্ধ ও সীমান্ত বন্ধ থাকায় ২০২৪, ২০২৫ ও ২০২৬—এই তিন মৌসুমে গাজার কোনো বাসিন্দাই হজে যেতে পারেননি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনের মোট ৬ হাজার ৬০০ কোটার মধ্যে গাজার বার্ষিক হজ কোটা প্রায় ২ হাজার ৫০৮ জনের। ২০২৪ সালের মে মাসে রাফাহ ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় মক্কা ও মদিনায় আবাসন ও যাতায়াতের বুকিং সম্পন্ন করেও প্রায় ২ হাজার ৫০০ হজযাত্রীর যাত্রা বাতিল হয়ে যায়। ২০২৬ সালের শুরুর দিকে সীমান্ত আংশিকভাবে খুললেও তা কেবল মানবিক প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল।











