ফরিদপুরের বোয়ালমারীতে ৬০ বছর বয়সী মাকে পিটিয়ে এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ইব্রাহিম মোল্যার বিরুদ্ধে। শুধু মারধরই নয়, মাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম। গত শুক্রবার বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে।
জুলেখা বেগমের অভিযোগ, ছেলে ইব্রাহিম মোল্যা প্রথম স্ত্রী বৃষ্টি ও তাঁদের দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। এর প্রতিবাদ করায় তাঁর ওপর চড়াও হন ছেলে। একপর্যায়ে তাঁকে মারধর করে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন ইব্রাহিম। বাধা দিতে গেলে মারধরে তাঁর একটি হাত ভেঙে যায়। বৃদ্ধার ভাষ্য, পুত্রবধূ ও নাতি-নাতনিদের অসহায় অবস্থার কথা ভেবে তাঁদের পাশে দাঁড়ানোই তাঁর অপরাধ। ছেলের নির্যাতনের শিকার হয়েও তিনি চান, পুত্রবধূ ও নাতি-নাতনিরা পৈতৃক ভিটায় থাকতে পারেন।
জানা গেছে, প্রায় ১৪ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি বিশ্বাস ধর্মান্তরিত হয়ে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করে প্রতিবেশী ইব্রাহিমকে বিয়ে করেন। বৃষ্টির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দুই বছর আগে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়; এখনো দুই হাতের ক্ষত নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। বৃষ্টি জানান, সম্প্রতি ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাঁকে তালাক দিয়েছেন বলে দাবি করছেন, যদিও তালাকসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। জন্মপরিবার ও ধর্মীয় পরিচয় ছেড়ে আসা এই নারী এখন দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
আরও
ইব্রাহিমের বিরুদ্ধে মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর বোন শেফালী পারভীনও। তিনি চান, তাঁর মা, ভাবি ও ভাতিজা-ভাতিজিরা পৈতৃক বাড়িতেই থাকুন। তবে সব অভিযোগ অস্বীকার করে ইব্রাহিমের দাবি, বৃষ্টির চরিত্র ভালো নয় এবং তাঁকে তালাক দেওয়া হয়েছে। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, মা ও সন্তানেরা তাঁর সঙ্গেই থাকবেন।
এ বিষয়ে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক মৃধা বলেন, ইব্রাহিম তাঁর বৃদ্ধ মাকে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এবং ঘর থেকে বের করে তালা মেরে রেখেছেন বলে তিনি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃষ্টি, তাঁর সন্তান ও বৃদ্ধা জুলেখা বেগমকে ঘরে তুলে দেওয়া হয়েছে। জীবনের শেষ বয়সে এসে সন্তানের হাতে নির্যাতনের শিকার জুলেখা বেগম স্বামীর ভিটায় নিরাপদে বসবাসের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।










