ওমানের জাতীয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী ভালোবাসা দেখিয়ে সবার নজর কেড়েছেন নাবিল নামের এক পাকিস্তানি প্রবাসী। নিজের সাইকেল ও পোশাক ওমানের জাতীয় পতাকার রঙে সাজিয়ে তিনি রাস্তায় নেমেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে তিনি ওমানের নাগরিকদের জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন।
নাবিলের পরনে ছিল সাদা পোশাক, যার বুকে বড় করে লেখা ‘আই লাভ ওমান’। পোশাকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ছবি এবং পতাকার রঙের ব্যাজ লাগানো ছিল। এমনকি তার চশমা ও টুপিতেও ছিল ওমানের পতাকার ছাপ। আর তার সাইকেলটি সাজানো ছিল অসংখ্য পতাকা এবং ওমানের বর্তমান সুলতান ও প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের বাঁধানো ছবি দিয়ে।
ভিডিওতে দেখা যায়, নাবিল পরম শ্রদ্ধায় সুলতানের ছবিতে চুম্বন করছেন। তিনি জানান, ওমানের প্রতি গভীর ভালোবাসা থেকেই তার এই উদ্যোগ। সাইকেল চালিয়ে তিনি সিব এলাকা থেকে সুয়াইকের উদ্দেশ্যে যাচ্ছেন। কথা শেষে সবাইকে সালাম ও স্যালুট জানিয়ে তিনি আবার নিজের যাত্রা শুরু করেন। ভিনদেশি হয়েও ওমানের প্রতি তার এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।









