সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশটির নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও ১০ হাজার ৭৮৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলা এই অভিযানের তথ্য প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং দেশ ছাড়ার সময় ২৮ জনকে আটক করা হয়। অবৈধ প্রবাসীদের আশ্রয়, যাতায়াত ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশটিতে আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাঁদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ ও ২ হাজার ২১১ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িঘর বাজেয়াপ্ত করা হবে। এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়লে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।









