নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে বিষ মেশানো মিষ্টি খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। মিষ্টি মুখে দিতে গিয়ে অস্বাভাবিক গন্ধ পাওয়া এবং মিষ্টি নিয়ে আসা বোরকা পরা এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে পুরো বিয়েবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কনেকে বিয়ে না করেই বাড়ি ফিরে যান বরযাত্রীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমানের (২৫) সঙ্গে বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল। বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বেলা ৩টার দিকে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। কাজির উপস্থিতিতে খাওয়াদাওয়া চলাকালে বোরকা পরা এক তরুণী বিশেষ মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন। মিষ্টি মুখে দিতে গিয়ে বর বিষের গন্ধ পান এবং তাঁরা ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই তরুণী দ্রুত সেখান থেকে সটকে পড়েন। তবে কনেপক্ষের লোকজন ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন।
এ ঘটনার পর আতঙ্কিত বর তাওফিকুরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বর মিষ্টিটি খাননি; তবে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বরকে পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে কনে তাঁর এক বান্ধবীকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে বড়তলী-বানিয়াহারী ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদার ও ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, লোকমুখে এমন কথা শোনা গেলেও মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি; এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে।
আরও
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










