কুড়াল দিয়ে কুপিয়ে যুক্তরাষ্ট্রের ৬ কোটি ডলার মূল্যের একটি সামরিক বিমান ধ্বংস করেছেন এক আইরিশ নাগরিক। আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে পার্ক করে রাখা ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের ওই কার্গো বিমানে ভয়াবহ এই তাণ্ডব চালানো হয়। ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানাতেই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।
৪৮ বছর বয়সী দাইথি ও’কোরান নামের ওই ব্যক্তি কয়েকমাস ধরে এই হামলার পরিকল্পনা করেন। তিনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং বিমানের তার ও হাইড্রোলিক লাইন কেটে দেন। কুড়াল দিয়ে ককপিটের সমস্ত মিটার ভেঙে চুরমার করার পাশাপাশি বিমানের ফুয়েল ট্যাংকেও ধাতব বস্তু ঢেলে দেন তিনি।
মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, হামলার ফলে বহুমূল্যবান সামরিক বিমানটি স্থায়ীভাবে অকেজো হয়ে পড়েছে এবং এটি আর উড়তে পারবে না। সম্প্রতি নিউইয়র্কের একটি আদালতে দাইথির বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, ঘটনাটি গত ১১ এপ্রিল ঘটলেও চলতি সপ্তাহে মার্কিন আদালতে অভিযোগটি উন্মুক্ত হওয়ার পরই বিষয়টি নতুন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।










