সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি অর্জন করেছে। ভবনের অভ্যন্তরে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে এই স্বীকৃতি মিলেছে। এর ফলে বিশ্বখ্যাত এই স্থাপনাটির ঝুলিতে জমা হলো মোট পাঁচটি গিনেস রেকর্ড।
মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি ক্লক টাওয়ারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই দুটি সনদ গ্রহণ করেছে। গিনেস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় ক্লক টাওয়ারের জাদুঘরটি অবস্থিত। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এই ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম এবং পুরো মক্কা শহরের চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।
২০১৯ সালের মে মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এই জাদুঘরে রয়েছে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার প্রাচীন ও আধুনিক পদ্ধতি, মক্কার ইতিহাস এবং সুবিশাল ঘড়িটির প্রকৌশলগত নানা নিদর্শন। উল্লেখ্য, ৬০১ মিটার উচ্চতার এই ক্লক টাওয়ারটি ২০১২ সালে নির্মিত হয়। এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও এই স্থাপনার দখলে ছিল। রয়্যাল কমিশন জানিয়েছে, এই স্বীকৃতিগুলো মক্কার ঐতিহাসিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তোলার পাশাপাশি দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।




![Gfbd]](https://probashtime.net/wp-content/uploads/2026/11/gfbd.webp)



