সৌদি আরবে কোনো নিয়োগকর্তা যদি তাঁর অধীনস্থ কর্মীকে অন্য কারও অধীনে বা নিজের ইচ্ছেমতো স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন, তবে তাঁকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানিয়েছে, এমন অপরাধের দায়ে নিয়োগকর্তাকে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে। পাশাপাশি তাঁর ওপর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নতুন কর্মী নিয়োগের নিষেধাজ্ঞাও আসতে পারে।
প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, শ্রমবাজারের শৃঙ্খলা রক্ষায় এই বিধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়ম ভঙ্গ করে কোনো কর্মীকে ভাড়ায় খাটানো বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া সম্পূর্ণ বেআইনি।
এ ছাড়া এ ধরনের কোনো আইন লঙ্ঘন বা অনিয়ম চোখে পড়লে তা দ্রুত প্রশাসনকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে বসবাসকারীদের ৯৯৯ নম্বরে কল করে এসব অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে।



![Gfbd]](https://probashtime.net/wp-content/uploads/2026/11/gfbd.webp)




