সৌদি আরবের জিজান অঞ্চলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে ফাইফার আকাবাত শামিলায়; সেখানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে এক দম্পতি ও তাঁদের তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। অন্যদিকে, জিজান-আবু আরিশ সড়কে আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন এবং আহত হয়েছেন এক তরুণী। চারজন যুবকবাহী একটি গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই তরুণীর গাড়িতে ধাক্কা দেয় এবং এরপর তৃতীয় আরেকটি গাড়ি এসে তাদের সাথে সংঘর্ষ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া, আবু আল-কাইদ সড়কে দুই গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন আরও এক যুবক। মর্মান্তিক এসব দুর্ঘটনার পর স্থানীয় নাগরিকরা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রতিরোধক সীমানা প্রাচীর ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি অতিরিক্ত গতি এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের বিপদের বিষয়ে চালকদের মাঝে সচেতনতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।









