Opens in a new tab
সর্বশেষ

মালয়েশিয়ায় চাকরির নামে হয়রানি: টপ গ্লাভের নিয়োগে হাজারো প্রার্থীর হাহাকার

MalasiyaWeb Popup (3)

মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘টপ গ্লাভ’ -এর কর্মী নিয়োগ প্রক্রিয়ায় চরম অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও অস্বচ্ছতার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। গত ১১ ও ১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এই নিয়োগ সাক্ষাৎকারে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো চাকরিপ্রার্থী এসে চরম ভোগান্তি, হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

এমডব্লিউএন-এর পর্যবেক্ষণ অনুযায়ী, ১১ নভেম্বর নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ হাজার চাকরিপ্রার্থী সাক্ষাৎকার কেন্দ্রে উপস্থিত হলেও তালিকায় নাম না থাকার অজুহাতে অনেককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পূর্বনির্ধারিত সিরিয়াল নম্বর মানা হয়নি এবং পরদিন ১২ নভেম্বর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ওইদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার প্রার্থী জড়ো হলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়; এমনকি প্রধান ফটক ভাঙচুর ও প্রার্থীদের মধ্যে হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। বরিশাল, খুলনা, রাজশাহী, পাবনা ও গাজীপুরের মতো দূরদূরান্ত থেকে আসা বেকার যুবকেরা যাতায়াত বাবদ দুই থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করে এসেও সাক্ষাৎকারের সুযোগ না পেয়ে চরম হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন।

এই অগোছালো প্রক্রিয়ায় মাত্র ৩৫১ জন কর্মী নির্বাচনের ভিত্তি ও পদ্ধতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে এমডব্লিউএন। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আগের নানা অনিয়মের কারণে যেসব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছিল, এই নিয়োগে তাদের পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিতে বিদেশি নিয়োগকর্তাদের আস্থা ও আগ্রহ কমিয়ে দিতে পারে। তবে এর বিপরীতে ডিএইচএল (DHL)-এর চলমান স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ পদ্ধতির প্রশংসা করেছে এমডব্লিউএন।

এ অবস্থায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে বোয়েসেল (BOESL), টপ গ্লাভ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকাশ্যে জবাবদিহিতা চেয়েছে এমডব্লিউএন। তাদের দাবি, বাতিল বা ব্যবস্থা নেওয়া এজেন্সিগুলোর ভূমিকা স্পষ্ট করতে হবে, ৩৫১ জন কর্মী নির্বাচনের মানদণ্ড প্রকাশ করতে হবে এবং নিয়োগে স্বজনপ্রীতি ও অননুমোদিত মধ্যস্থতাকারীদের প্রভাব রোধ করতে হবে। এছাড়া ভবিষ্যতে প্রার্থীদের এমন অহেতুক যাতায়াত ব্যয় ও ভোগান্তি এড়াতে আগাম নিবন্ধন, প্রাথমিক যাচাই এবং কার্যকর যোগাযোগের ব্যবস্থা চালুর জোর আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)