চরম পানিসংকটের দেশ জর্ডান। দেশটির দাইর আল্লা অঞ্চলে অবস্থিত আবু ওবাইদা মসজিদটি চারপাশের রুক্ষ পাহাড়ের মাঝে যেন এক টুকরো সবুজ মরূদ্যান। অবাক করা বিষয় হলো, এই মসজিদের গাছপালায় সেচ দেওয়ার জন্য সরকারি পানির লাইন ব্যবহার করা হয় না। বরং নামাজের আগে মুসল্লিদের ওজুর ব্যবহৃত পানিকেই সেচের কাজে লাগানো হয়। জর্ডানে সরকারিভাবে রেশনিং করে পানি সরবরাহ করা হয়, যেখানে অনেক এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি থাকে। এমন তীব্র সংকটের মাঝে মসজিদটি পানি সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাধারণত ওজুর পানিতে সাবান বা রাসায়নিক থাকে না। তাই ওজুখানা থেকে ব্যবহৃত পানি নর্দমায় না ফেলে পাইপের মাধ্যমে সরাসরি একটি শোধনাগারে নেওয়া হয়। সেখানে নুড়ি পাথর ও বালুর পাঁচটি স্তরের ভেতর দিয়ে প্রাকৃতিকভাবে ফিল্টার হওয়ার পর সেই পানি ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতিতে গাছের গোড়ায় পৌঁছে যায়। জর্ডানে মাথাপিছু মিঠা পানির পরিমাণ বছরে মাত্র ৬১ ঘনমিটার, যা জাতিসংঘের চরম পানিসংকট সীমার আট ভাগের এক ভাগেরও কম। এমন পরিস্থিতিতে এক ফোঁটা পানির অপচয়ও রোধ করছে এই ব্যবস্থা।
জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জ্যাকা) ২০০৮ সাল থেকে প্রকল্পটির দেখভাল করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওসান জানান, ইসলাম ধর্মে পানি সংরক্ষণের যে শিক্ষা দেওয়া হয়, এখানে তারই বাস্তব প্রয়োগ দেখানো হয়েছে। এই উদ্যোগে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জর্ডানের ধর্ম মন্ত্রণালয়। দেশটিতে থাকা ৭ হাজার ৬০০টিরও বেশি মসজিদে এই পরিবেশবান্ধব মডেলটি ছড়িয়ে দেওয়া গেলে প্রতি বছর বিপুল পরিমাণ পানির অপচয় রোধ করা সম্ভব হবে।










