মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গভীর রাতে হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমোজগান প্রদেশের এই শহরে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একে ‘শত্রুপক্ষের’ সামরিক হামলা বলে উল্লেখ করেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এই হামলার খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে অনেকটাই বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের একটি সূত্রের দাবি, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণেও এমন বিকট বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ইরানের কর্মকর্তারা সাধারণত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে বোঝাতে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশেই এই শহরের অবস্থান। ফলে সেখানে এমন হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে চরম শঙ্কা ও উত্তেজনা তৈরি হয়েছে।









