ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি মূল কারখানা ও সংশ্লিষ্ট আরও দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে মেজর জেনারেল মালিকি জানান, ধ্বংস করা তিনটি স্থাপনার মধ্যে প্রথমটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনের কাজ করা হতো। দ্বিতীয়টি ছিল একটি রাসায়নিক প্ল্যান্ট, যেখানে মূলত ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন জ্বালানির (সলিড প্রোপেল্যান্ট) মিশ্রণ তৈরি করা হতো। আর তৃতীয় কারখানাটিতে ক্ষেপণাস্ত্রের জটিল ইলেকট্রনিক সিস্টেমগুলো সংযোজন করা হতো। সৌদি আরব ও ইয়েমেনের বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর ওপর হুথিদের ধারাবাহিক হামলার কড়া জবাব দিতেই এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। হুথি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক দুর্বল ও ধ্বংস করার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কড়া হুঁশিয়ারি দেন মালিকি।
এদিকে, ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের বদলা নিতে পরের দিন অর্থাৎ আজ মঙ্গলবার ভোরেই সৌদি আরবে বড় ধরনের হামলার চেষ্টা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিন সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে একটি বিস্ফোরকবাহী ড্রোন, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। তবে সৌদি জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত তৎপর থাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে আটকে দিয়ে সফলভাবে ধ্বংস করা হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।









