Opens in a new tab
সর্বশেষ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে খুন হয়ে কফিনে ফিরলেন খোরশেদ

Untitled 1 6aefdee08684dWeb Popup (3)

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে কঠোর পরিশ্রমে গড়ে তুলেছিলেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাসেই দুই সুদানি নাগরিকের ছুরিকাঘাতে প্রাণ হারাতে হলো কুমিল্লার দেবিদ্বারের খোরশেদ আলমকে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে দেশে পৌঁছায় তার নিথর দেহ। শনিবার দুপুরে ভিরাল্লা গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন হতভাগ্য এই প্রবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর বিনা দোষে চাকরিচ্যুত হন খোরশেদ আলম। সে সময় তিনি খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। চাকরি হারানোর পর দুই বছরের বেশি সময় তাকে কারাভোগও করতে হয়। এরপর ২০১৭ সালে ভাগ্য বদলের আশায় সৌদি আরবের আবহা শহরে যান তিনি। প্রথমে সেখানে একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ নেন। পরে অনেক কষ্টে জমানো টাকায় একটি লন্ড্রি দোকান চালু করেন। ব্যবসার লাভের টাকা দিয়ে নিজ এলাকায় একটি কওমি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি, যার পুরো ব্যয়ভার নিজেই বহন করতেন।

গত ১১ অক্টোবর দোকানের বকেয়া টাকা আদায় নিয়ে এক বাংলাদেশি কর্মচারীর সঙ্গে দুই সুদানি নাগরিকের বাগবিতণ্ডা ও মারামারি হয়। খবর পেয়ে খোরশেদ আলম বাসা থেকে ছুটে যান পরিস্থিতি শান্ত করতে। কিন্তু উল্টো ওই সুদানি নাগরিকদের ছুরিকাঘাতের শিকার হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকদের গ্রেপ্তার করে সৌদি পুলিশ। খোরশেদ আলমের চার মেয়ে রয়েছে। একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। তারা সরকারের কাছে বিডিআর আমলের পেনশনের টাকা ও সহযোগিতার আকুতি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)