ফরিদপুরের বোয়ালমারীতে এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও অমানুষিক নির্যাতনের অভিযোগ তুলে মেয়ের বিয়েবিচ্ছেদ ঘটিয়েছেন এক মা। আর মেয়েকে ওই বিষাক্ত সংসার থেকে ‘মুক্ত’ করতে পেরে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করে নিজের মানত বা ওয়াদা পূরণ করেছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে ঘটা এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, জনসমক্ষে দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। তাঁদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে প্রায় ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামের এক ব্যক্তির বিয়ে হয়। জুলেখা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত অবস্থায় তাঁর মেয়ের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সুমন। মেয়ের এই অবর্ণনীয় কষ্ট সইতে না পেরে কয়েক দিন আগে আইনি প্রক্রিয়ায় তালাকের মাধ্যমে তাঁকে চিরতরে ছাড়িয়ে আনেন তিনি।
মনিরা খাতুনের বাবা মহাশিন মোল্লাও জামাতার বিরুদ্ধে একই অভিযোগ করেন। তিনি জানান, মাদকাসক্ত স্বামীর হাতে তাঁর মেয়ে চরমভাবে নির্যাতিত হচ্ছিল। বাধ্য হয়েই তাঁরা মেয়েকে ছাড়িয়ে আনার এই কঠিন সিদ্ধান্ত নেন। আর মেয়েকে সুস্থ অবস্থায় নিজের কাছে ফিরিয়ে আনতে পারার প্রশান্তি থেকেই তাঁর স্ত্রী শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন। তবে মাদক সেবন ও স্ত্রীকে নির্যাতনের এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী সুমন শেখ।










