২০২৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি মুসল্লিদের জন্য সুখবর দিয়েছে সৌদি সরকার। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগও দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) থেকে বর্ধিত এবং সরকারি ব্যবস্থাপনায় থাকা অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার সময় বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে যাঁরা প্রাথমিক নিবন্ধন করবেন, তাঁদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। তাই হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন ও অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।










