সর্বশেষ

১ কোটি ৪১ লাখ টাকা আত্মসাৎ ও মালামাল লুট: বিপিটিএলের পরিচালক গ্রেপ্তার

Befunky collage 1 recoveredWeb Popup (3)

প্রতিষ্ঠানের ভারী যন্ত্রপাতি লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেডের (বিপিটিএল) পরিচালক মো. মেরাজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা মডেল টাউনের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের জারি করা এক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মোহাম্মদপুর থানা-পুলিশ এ অভিযান চালায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিপিটিএলে মেরাজুল ইসলামের ১০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৯০ শতাংশের মালিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। শীর্ষ কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত থাকায় মেরাজুলকে মৌখিকভাবে দৈনন্দিন কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি একক সিদ্ধান্তে প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সম্পূর্ণ মালিকানা কুক্ষিগত করার চক্রান্ত করেন। অভিযোগ রয়েছে, মেরাজুল বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেন এবং রাতের আঁধারে সাবস্টেশনের ভারী যন্ত্রাংশ একাধিক ট্রাকে করে সরিয়ে নেন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির তহবিল থেকে ৭৫ লাখ ৯১ হাজার ৯১৫ টাকা এবং ৬৫ লাখ ৯৯ হাজার ২৫০ টাকা মূল্যের যন্ত্রপাতি ও কাঁচামাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অর্থ ও মালামাল লুটের বিষয়টি জানাজানি হলে গত ১২ সেপ্টেম্বর শাহবাগের একটি রেস্তোরাঁয় আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে সেখানে প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপন করা হলে মেরাজুল অর্থ পরিশোধে অস্বীকৃতি জানান এবং উল্টো হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে ভুক্তভোগী এমডি আদালতের শরণাপন্ন হলে আদালত অভিযোগ আমলে নিয়ে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বসিলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পিরোজপুরের পাড়েরহাটের বাসিন্দা মেরাজুলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup