রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে বাটা শোরুমের সামনে এই ঘটনা ঘটে। মিছিল শেষে পালানোর সময় ধানমন্ডি থানা-পুলিশ তিনজনকে এবং মোহাম্মদপুর থানা-পুলিশ ইমরান নামের একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নির্দেশে আজ দুপুরে সাতমসজিদ রোড থেকে মিছিলটি বের করা হয়। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানার নিয়ে নেতা-কর্মীরা ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে গিয়ে ২৭ নম্বরের বাটা শোরুমের সামনে এসে জড়ো হন। এ সময় তাঁরা ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মিছিল শেষে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ঝটিকা মিছিল শেষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন, ধানমন্ডি এলাকায় ককটেল ফাটিয়ে পালানোর সময় ইমরান নামের ওই ব্যক্তিকে আটক করেছে তাঁদের থানা-পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








