সর্বশেষ

চাঁদের মালিকানা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

ImageWeb Popup (3)

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন পতাকাযুক্ত একটি ছবি পোস্ট করে চাঁদের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৬ সেপ্টেম্বর ‘চাঁদ আমাদের’ (দ্য মুন ইজ আওয়ার্স) ক্যাপশন দিয়ে ওই পোস্ট করার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র সত্যিই চাঁদকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে কি না, এমন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, ট্রাম্পের পোস্টটি আসল হলেও এর পেছনে কোনো আনুষ্ঠানিক আইনি ঘোষণা বা নির্বাহী আদেশ ছিল না।

আন্তর্জাতিক মহাকাশ আইন অনুযায়ী কোনো দেশই এককভাবে চাঁদের সার্বভৌমত্ব দাবি করতে পারে না। জাতিসংঘের ‘আউটার স্পেস ট্রিটি’ বা বহির্মহাকাশ চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুকে দখল করে বা অন্য কোনো উপায়ে কোনো রাষ্ট্র নিজের অধিকারভুক্ত করতে পারবে না। যুক্তরাষ্ট্র এই চুক্তির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাক্ষরকারী দেশ। ফলে এই চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ নানা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে দেশটিকে। এ বিষয়ে জাতিসংঘের মহাকাশবিষয়ক দপ্তরের (ইউএনওওএসএ) এক মুখপাত্র নিশ্চিত করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো মন্তব্য চুক্তির আওতায় থাকা চাঁদের আইনি অবস্থান পরিবর্তন করতে পারে না।

যুক্তরাষ্ট্র ছাড়াও চাঁদে পৌঁছানো অন্য চার দেশ চীন, রাশিয়া, ভারত ও জাপানও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। ফলে ট্রাম্পের এই ইঙ্গিত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে তাঁর এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের আগ্রাসী মহাকাশ নীতির সঙ্গে অনেকটাই সংগতিপূর্ণ। এর আগে ২০২৫ সালে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে তিনি ২০৩০ সালের মধ্যে চাঁদে স্থায়ী মার্কিন ফাঁড়ি স্থাপন ও পারমাণবিক চুল্লি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এমনকি তাঁর প্রথম মেয়াদেও মহাকাশকে সর্বজনীন আন্তর্জাতিক সম্পদ হিসেবে বিবেচনার বদলে সেখানে জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষেই অবস্থান নিয়েছিলেন ট্রাম্প।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup