বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার পূর্বাভাস থাকায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত এই সতর্কবার্তা বলবৎ থাকবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত মক্কা, আল বাহা, আসির ও জাজান অঞ্চলের কিছু অংশে টানা বজ্রঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে জাজান ও আসিরের কিছু অংশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে নাজরান প্রদেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, সাবিয়া, দামাদ, আবু আরিশ, সামতাহসহ বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জাজান শহর ও ফরাসান দ্বীপপুঞ্জেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। পাশাপাশি আসির প্রদেশের আভা, খামিস মুশাইত, আল নামাস, তানোমাহ, বারিক, মাহায়িল আসির ও বলকারনসহ অন্যান্য এলাকায়ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
আরও
আবহাওয়ার এই চরম বিরূপ আচরণের সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক পাহাড়ি ঢল বা জলোচ্ছ্বাস দেখা দেওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টিপাতের সময় উপদ্রুত এলাকার বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলা এবং উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।










