যুক্তরাষ্ট্রের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে গত শুক্রবার মধ্যরাতের পর এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। আমেরিকান এয়ারলাইনসের একই ফ্লাইট নম্বর (২৪৮২) যুক্ত দুটি উড়োজাহাজ প্রায় একই সময়ে আকাশে চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) তাৎক্ষণিক ও বিচক্ষণ সিদ্ধান্তের কারণে অল্পের জন্য বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছেন দুই উড়োজাহাজের যাত্রীরা।
শিকাগো থেকে ফিনিক্সগামী এবং ফিনিক্স থেকে শিকাগোগামী দুটি উড়োজাহাজের ক্ষেত্রে এই অভাবনীয় বিভ্রাট ঘটে। সাধারণত এই রুটে যাওয়া-আসার ফ্লাইট সম্পূর্ণ ভিন্ন সময়ে পরিচালিত হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা ফ্লাইটটি বিলম্বিত হওয়ায় ফিনিক্সের আকাশসীমায় একই সময়ে দুটি উড়োজাহাজ চলে আসে। বিষয়টি রাডারে ধরা পড়ার সঙ্গে সঙ্গেই কন্ট্রোলার রেডিওতে দুটি উড়োজাহাজকে আলাদাভাবে ডাকতে শুরু করেন। পাইলটদের বিভ্রান্তি এড়াতে একটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য অ্যারাইভাল’ এবং অন্যটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য ডিপার্টার’ হিসেবে সম্বোধন করেন তিনি।
কন্ট্রোলারের এমন সুনির্দিষ্ট নির্দেশনায় পাইলটরা দ্রুত পরিস্থিতি বুঝতে সক্ষম হন। অবতরণরত উড়োজাহাজটিকে নিরাপদ উচ্চতায় রাখা হয় এবং উড্ডয়নরত উড়োজাহাজটিকে বেশি ওপরে উঠতে নিষেধ করা হয়। এ ছাড়া পাইলটদের একে অপরের উড়োজাহাজ দেখার সুযোগও করে দেওয়া হয়। একে অপরকে নিরাপদে অতিক্রম করার পর অবতরণরত উড়োজাহাজের পাইলট ওই কন্ট্রোলারের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। জবাবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞ ওই কন্ট্রোলার জানান, পরিস্থিতি ভয়াবহ হতে পারত, তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে। নিজের দীর্ঘ কর্মজীবনে একই কলসাইন যুক্ত দুটি উড়োজাহাজকে এভাবে কাছাকাছি আসতে আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।
আরও
বিমান চলাচল বিশেষজ্ঞরাও এই ঘটনাকে অত্যন্ত বিরল বলে আখ্যায়িত করেছেন। তাঁদের মতে, এয়ারলাইনসের ডেসপ্যাচ সেন্টারের কোনো কর্মীর ভুলেই একই নম্বরের দুটি ফ্লাইট একই সময়ে আকাশে থাকার পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন ভুল কোনোভাবেই কাম্য নয়। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও আমেরিকান এয়ারলাইনস। তবে এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, কন্ট্রোলার ও পাইলটদের পেশাদারির কারণেই কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পুরোটা সময় উড়োজাহাজ দুটির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় ছিল। একই সময়ে একই কলসাইন ব্যবহার করা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এই ঘটনা সেটিই নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।











