Long Popup (2)
সর্বশেষ

হুথিদের হামলায় ইয়েমেনে বড় যুদ্ধের আভাস

ImageProbashircityWebPopupUpdate

ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলা জোরদার হওয়ায় দেশটিতে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি দেশটির মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি সামরিক ক্যাম্প ও সেনা জমায়েত লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। দীর্ঘদিন পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত থাকার পর আকস্মিক এই হামলায় অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এই হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, তাদের হামলায় প্রতিপক্ষের শত শত সদস্য নিহত হওয়ার পাশাপাশি একাধিক সামরিক ক্যাম্প ও অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাঁর দাবি, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্ভাব্য একটি বড় ধরনের অভিযানের প্রস্তুতি রুখে দিতেই তারা আগেভাগে এই প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। তবে ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভয়াবহ হামলার মধ্য দিয়ে হুথিরা মূলত দেশটির ভঙ্গুর পরিস্থিতিকে আবারও সরাসরি যুদ্ধের দিকেই ঠেলে দিল।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেওয়ার পর ২০১৫ সাল থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির ফলে দেশটিতে বড় ধরনের সংঘাত বন্ধ ছিল। তবে সাম্প্রতিক এই হামলা সেই শান্ত পরিস্থিতিকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। এরই মধ্যে রাজধানী সানাসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে যুদ্ধের আতঙ্ক ভর করেছে।

রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকেরা মনে করছেন, সাম্প্রতিক এসব হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে হুথিরা সমঝোতার পথ ছেড়ে আবারও সংঘাতের পথই বেছে নিয়েছে। জাতিসংঘ-সমর্থিত শান্তি আলোচনা স্থগিত থাকা এবং লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলোতে তাদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এবার ইয়েমেনের অভ্যন্তরীণ ফ্রন্টেও পরিস্থিতি চরম রক্তক্ষয়ী রূপ নিতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তেল ও গ্যাসসমৃদ্ধ মারিব অঞ্চলকে কেন্দ্র করেই এবার মূল সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে হুথিদের এমন আগ্রাসনের কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে ইয়েমেন সরকার। দেশটির প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য শেখ ওসমান মাজালি হুথিদের যেকোনো সন্ত্রাসী তৎপরতা সমূলে উৎপাটনের ওপর জোর দিয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইয়েমেনে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে তা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ ও ধ্বংসাত্মক রূপ ধারণ করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate