Long Popup (2)
সর্বশেষ

পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

1781580866 35e0391b5c4f167ecd92588634d84fc8ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি রানওয়ের ভেতরেই আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। সামরিক বাহিনীর একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সকাল ১১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনার পরপরই আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। এডওয়ার্ডস ঘাঁটির কর্মকর্তা কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি, যেখানে আটজন আমেরিকানকে হারাতে হয়েছে। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন। প্রাথমিক তথ্য ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনা থেকে কারও প্রাণে বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। নিহতদের পরিচয় স্বজনদের অবহিত করার ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দুর্ঘটনার পর ঘাঁটির সব ধরনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং আকাশপথ বন্ধ করে অন্যান্য বিমান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কর্নেল হেইস জানান, বিধ্বস্ত হওয়া বি-৫২ বিমানটি মূলত ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচিতে সহায়তা করছিল। ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতিমধ্যে একাধিক তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের প্রাথমিক প্রতিবেদন পেতে অন্তত ৩০ দিন এবং বিস্তারিত কারণ অনুসন্ধানে ছয় মাসের বেশি সময় লাগতে পারে।

বোয়িং নির্মিত দূরপাল্লার কৌশলগত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান ভরসা। সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম বিশাল এই বিমানটি প্রায় ৭০ হাজার পাউন্ড অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে প্রচলিত বোমার পাশাপাশি ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। আকাশেই জ্বালানি নেওয়ার সক্ষমতা থাকায় এর হামলা পরিচালনার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত পাঁচজন ক্রু নিয়ে পরিচালিত এই বিমানটি সামরিক পরিমণ্ডলে ‘দ্য বাফ’ নামেও পরিচিত। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস ঘাঁটিতে ঘটা এই দুর্ঘটনার আগে, বিমানটি সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানেও অংশ নিয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate