Long Popup (2)
সর্বশেষ

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

RoadProbashircityWebPopupUpdate

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে শোকাহত হৃদয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন স্ত্রী জাহানারা বেগম। কিন্তু সেই ফেরা আর হলো না। পথিমধ্যে নড়াইলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিও। এ ঘটনায় নিহত হয়েছেন তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটির চালক আকবর আলী। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন। সকালে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার বাড়ির উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। পথে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫২) নিহত হন।

ভয়াবহ এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক আকবর আলীর (২৭) মৃত্যু হয়। নিহত আকবর আলীর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আহত বাকি ব্যক্তিরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ইসমাইল হোসেনের লাশসহ দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate