ওমানে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও শৃঙ্খলা আনতে মেডিকেল পরীক্ষা ও ভিসা প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ওমান পোস্ট ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নেওয়া নতুন এই পদ্ধতি আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। প্রবাসী কর্মীদের নিয়োগ প্রক্রিয়ার সামগ্রিক মানোন্নয়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ওমান সরকার।
প্রাথমিকভাবে ফিলিপাইন থেকে ওমানে আসা কর্মীদের জন্যই এই মেডিকেল ও ভিসা সিস্টেমটি প্রয়োগ করা হচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কর্মীদের ওমানে প্রবেশের আগেই অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা বাধ্যতামূলক। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফিলিপাইন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দেশ-বিদেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে নতুন এই নিয়মের বিস্তারিত জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তি ও নিয়োগকারী সংস্থাগুলো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এবং অনলাইনে আবেদন জমা দিতে ওমান পোস্টের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সেবাটি আরও সহজ করতে নির্দিষ্ট গ্রাহকসেবা নম্বরেও যোগাযোগের সুবিধা রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।









