সর্বশেষ

দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু, যাত্রীদের সতর্কতা জারি

5 20260228City ads Investment (1)

সাময়িক স্থগিতাদেশের পর অবশেষে আবারও আংশিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো। আজ শনিবার (৭ মার্চ) সীমিত পরিসরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম পুনরায় চালু করেছে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর (ডিএক্সবি) এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দুবাইয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী এবং উড়োজাহাজকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে যেকোনো সময় ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই নিশ্চিত বুকিং ছাড়া কোনো যাত্রীকে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের অফিশিয়াল মাধ্যম থেকে নিয়মিত ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নিতেও অনুরোধ করা হয়েছে।

এদিকে সংক্ষিপ্ত বিরতির পর আবারও নিজেদের ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইনস। যেসব যাত্রীর আজ বিকেলের ফ্লাইটের জন্য নিশ্চিত বুকিং রয়েছে, তাঁরা নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যেতে পারবেন। ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, তবে সে ক্ষেত্রে তাঁদের সংযোগ বা কানেকটিং ফ্লাইটটি অবশ্যই সচল থাকতে হবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে যেন দ্রুত যোগাযোগ করা যায়, সে জন্য যাত্রীদের তাঁদের যোগাযোগের তথ্য ও বুকিংয়ের বিস্তারিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলো।

ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়া যাত্রীদের জন্য বেশ কয়েকটি বিকল্প সুযোগও রেখেছে কর্তৃপক্ষ। এই যাত্রীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিজেদের ভ্রমণের নতুন তারিখ নির্ধারণ করতে পারবেন। ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটা থাকলে তারিখ পরিবর্তন বা টাকা ফেরতের (রিফান্ড) জন্য সরাসরি সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর সরাসরি বুকিং করা যাত্রীরা এমিরেটস এয়ারলাইনসের সহায়তা পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট পরিবর্তন কিংবা অনলাইনেই রিফান্ডের আবেদন করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup