সৌদি আরবে কর্মস্থলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. আলাউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক। দেশটির স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিন বছর ধরে আলাউদ্দিন মদিনার একটি বিস্কুট বেকারিতে কাজ করছিলেন।
নিহত আলাউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার বিকেলে তার বড় ভাই আশিক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ২৭ নভেম্বর ভোরে কর্মস্থলে আগুনের চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ হলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
দগ্ধ অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে মদিনার কিং সৌদ মেডিকেল সিটিতে ভর্তি করেন। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ পর্যন্ত মৃত্যু বরণ করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।
আরও
মৃত্যুর খবরে দেশে থাকা তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আলাউদ্দিন এক স্ত্রী, এক সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন। বড় ভাই আশিক হোসাইন জানান, ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে। দ্রুততম সময়ে মরদেহ দেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ঘটনাটি গভীর শোকের সঙ্গে নিশ্চিত করেছেন এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।













