নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জে অনলাইনভিত্তিক ভিসা প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখার দুইটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. আকতার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আরও
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সৈয়দপুর পৌরসভার কয়নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. শাহনেওয়াজ আক্তার সোয়েবকে (২৭) আটক করা হয়। পরে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গারহাট নয়নখাল গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় মো. মমিনুল ইসলামকে (২১)।
এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ভিসা প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিদেশগামী ভিসা প্রদানের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের নামে পৃথকভাবে দুই থানায় মামলা করা হয়েছে।












