মালদ্বীপ সরকার অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। ‘অপারেশন কুরাঙ্গি’ নামে পরিচালিত এ অভিযানে রাজধানীসহ বিভিন্ন দ্বীপে যৌথভাবে কাজ করছে পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা।
ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ২ হাজার ২২ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর ২০২৩ সালের নভেম্বর মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৬৩৫ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসন কর্তৃপক্ষ জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যাদের সময়কাল ছয় মাসের কম, তাদের নথি নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলেও তারা জানিয়েছে।
আরও
সরকার বলছে, শুধু অবৈধ অভিবাসীদেরই নয়, বরং যারা অবৈধ ব্যবসা পরিচালনা করছে বা এ ধরনের কাজে সহযোগিতা করছে, সেই স্থানীয় নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, অবৈধ অভিবাসী বাড়তে থাকায় সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছিল। সরকারের এ পদক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।













