কক্সবাজার বিমানবন্দরে একটি কুকুরের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় সাময়িকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রানওয়েতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফ্লাইটটিকে নিরাপত্তাজনিত কারণে পর্যবেক্ষণে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর সবকিছু স্বাভাবিক থাকায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল রানওয়ে থেকে মৃত কুকুরটিকে অপসারণ করে। পাইলট ও গ্রাউন্ড টিমের যৌথ পরীক্ষায় বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। ফলে রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় উড্ডয়ন করে।
ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন, যারা সবাই নিরাপদে ছিলেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা। তিনি আরও জানান, ফ্লাইটটি স্বাভাবিকভাবেই ঢাকার উদ্দেশে যাত্রা করেছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আরও
পরিচালক বলেন, “দিনের বেলায় কুকুরের উপস্থিতি তেমন চোখে পড়ে না, তবে সন্ধ্যার পর রানওয়ে এলাকায় তাদের চলাচল বেড়ে যায়। আলো কম থাকায় এটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।”
তিনি আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তায় বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। তবুও, কুকুরসহ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না বলে তিনি দুঃখ প্রকাশ করেন।










