পবিত্র ওমরাহ পালন করেছেন ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের সেন্টারব্যাক ক্যাথলিন সুজা। সম্প্রতি মক্কায় গিয়ে ওমরাহ আদায়ের পর সেই সফরের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম ধর্ম গ্রহণের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করলেন তিনি।
২০২৪ সালের আগস্টে সৌদি প্রো লিগের দল আল নাসর নারী দলে যোগ দেন সুজা। সৌদি আরবে প্রায় দেড় বছর কাটানোর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। সে সময় আল নাসর উইমেন একটি ভিডিও প্রকাশ করে তাঁর ইসলাম গ্রহণের খবর জানায় এবং তাঁর স্থিরতা ও হৃদয়ের প্রশান্তি কামনা করে। শাহাদাহ পাঠের পরপরই প্রথমবার ওমরাহ করেছিলেন সুজা; কয়েক মাস পর এবার আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ আদায় করলেন।
ব্রাজিলের সাও পাউলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম নেওয়া সুজা ক্রীড়া বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও কলেজ পর্যায়ে ফুটবল খেলেন। পরে ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান ও স্পেনের রিয়াল মাদ্রিদে সফল ক্লাব ক্যারিয়ার গড়েন তিনি। সৌদি আরবে আল নাসরের অধ্যায় শেষে গত জুলাইয়ে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই ব্রাজিলীয় তারকা।










