আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অবসর যেন বিশ্ব ফুটবলের একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি। এই কিংবদন্তির বিদায়কে স্মরণীয় করে রাখতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটি জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার সব স্তরের ফুটবল ম্যাচে মেসির সম্মানে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ ও নারী ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ সকারের ম্যাচও এই কর্মসূচির আওতায় থাকবে। প্রতিটি ম্যাচের প্রথমার্ধের ঠিক ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট ধরে চলবে এই করতালি। জাতীয় দলে মেসির চিরচেনা ও ঐতিহাসিক ১০ নম্বর জার্সির প্রতি বিশেষ সম্মান জানাতেই এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কোপা আর্জেন্টিনার ম্যাচে বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের মধ্যকার খেলায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালির মাধ্যমে এই কিংবদন্তিকে সম্মান জানিয়েছেন।
এএফএর পরিচালনা পর্ষদ আরও সিদ্ধান্ত নিয়েছে যে, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি বিশেষ ভিডিও প্রদর্শন করতে হবে। এই আয়োজনে কেবল মাঠের খেলোয়াড়রাই নন, গ্যালারির দর্শকদেরও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, ব্যানার-পতাকা ও মেসিকে ঘিরে রচিত বিভিন্ন গানের মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় মহাতারকাকে বিদায় জানাবে।
আরও
জাতীয় দলের জার্সিতে মেসিই আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। ৩৯ বছর বয়সী এই মহাতারকা আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচ খেলে ১২৫টি গোল করেছেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন খোলা চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সেখানে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যার পাশাপাশি আর্জেন্টিনার আপামর মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। দেশের মাটিতে তাঁর কোনো আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হবে কি না, তা এখনো নিশ্চিত না হলেও এএফএর এমন উদ্যোগ প্রমাণ করে, নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে যথাযোগ্য সম্মান জানাতে পুরোপুরি প্রস্তুত আর্জেন্টিনার ফুটবল সমাজ।











