ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে বসে প্রেমিকাকে খুদে বার্তা (টেক্সট মেসেজ) পাঠিয়ে শাস্তির মুখে পড়েছেন তামিলনাড়ুর এক তরুণ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়া’ (পিএমওএ) বা খেলোয়াড়দের নির্ধারিত এলাকার আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১ লাখ রুপি জরিমানা করেছে বোর্ডের দুর্নীতি দমন শাখা (এসিএসইউ)।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) একটি ম্যাচ চলাকালে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) তদন্ত চলমান থাকায় অভিযুক্ত ২৬ বছর বয়সী ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তিনি একজন বাঁহাতি ব্যাটার এবং গত মৌসুমে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে দুটি হাফ সেঞ্চুরিও করেছিলেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
টিএনসিএ সূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে ড্রেসিংরুম বা নির্ধারিত এলাকায় খেলোয়াড়দের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ওই ক্রিকেটার তাঁর প্রেমিকাকে মেসেজ দেওয়ার সময় কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। নিয়ম ভঙ্গের কারণে শুরুতে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞার কথা ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনো ধরনের ফিক্সিং বা দুর্নীতির সংশ্লিষ্টতা না পাওয়ায় অপরাধের মাত্রা বিবেচনা করে তাঁকে শুধু ১ লাখ রুপি জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।











