দীর্ঘ এক দশকের প্রেমের অবশেষে পরিণতি পেল ছাঁদনাতলায়। আনুষ্ঠানিকভাবে বিয়ের বাঁধনে জড়ালেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের স্প্যানিশ-আর্জেন্টাইন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের কাসকাইসে একান্ত ব্যক্তিগত ও অনাড়ম্বর এক অনুষ্ঠানে তাঁদের এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে রোনালদোর ম্যানেজমেন্ট। মজার বিষয় হলো, রোনালদোর স্ত্রী জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। ফলে এই বিয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ‘জামাই’ হলেন পর্তুগিজ এই যুবরাজ।

৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার সম্পর্ক প্রায় ১০ বছরের পুরোনো। তাঁদের বিয়ে নিয়ে ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরেই নানা জল্পনাকল্পনা চলছিল। তবে কোনো রকম জমকালো আয়োজন বা প্রচার ছাড়াই নীরবে নিজেদের এই বিশেষ দিনটি উদ্যাপন করেছেন তাঁরা। বিয়ের খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবিতে দেখা যায়, পাশাপাশি রাখা দুজনের হাতে শোভা পাচ্ছে বিয়ের আংটি। ক্যাপশনে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘সি (হৃদয়) জি’। বিয়ের তারিখটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট নিজেদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। সেই ঘোষণার ঠিক এক বছর পূর্তির দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।
আরও
রোনালদো ও জর্জিনার এই রূপকথার প্রেমের শুরু ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে। জর্জিনা তখন সেখানকার একটি গুচি স্টোরে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। রিয়াল মাদ্রিদের তৎকালীন তারকা রোনালদো একদিন সেই দোকানে গেলে দুজনের প্রথম দেখা হয়, যা পরে ‘প্রথম দেখায় প্রেমে’ রূপ নেয়। শুরুতে সম্পর্কটি গোপন রাখলেও ২০১৬ সালের শেষ দিকে প্যারিসের ডিজনিল্যান্ডে একসঙ্গে ঘোরার ছবি প্রকাশ্যে এলে তাঁদের প্রেমের বিষয়টি জানাজানি হয়। ২০১৭ সালের শুরুতে ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন তাঁরা। এরপর জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসর—রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থেকেছেন জর্জিনা।
দীর্ঘ এই পথচলায় আনন্দ-বেদনার নানা মুহূর্ত একসঙ্গেই পার করেছে এই দম্পতি। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান এভা ও মাতেওর সঙ্গে এই যুগলের কোল আলো করে আসে আলানা মার্টিনা ও বেলা এসমেরাল্ডা। তবে ২০২২ সালের এপ্রিলে নবজাতক ছেলে অ্যাঞ্জেলকে হারানোর মতো গভীর শোকও সইতে হয়েছে তাঁদের। এই কঠিন সময়ে পরিবারের ভালোবাসা ও সমর্থনই তাঁদের লড়াই করার শক্তি জুগিয়েছে।
অন্যদিকে, রোনালদোর সঙ্গী পরিচয়ের বাইরে জর্জিনা রদ্রিগেজ নিজেও এখন প্রতিষ্ঠিত এক নাম। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম নেওয়া ও স্পেনের জাকায় বেড়ে ওঠা জর্জিনা মডেলিং, ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব এক পরিচিতি গড়ে তুলেছেন। ভোগ, হার্পারস বাজার ও গুচির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে কাজের পাশাপাশি ইনস্টাগ্রামে ৭৪ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে তিনি আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্যক্তিত্ব। দীর্ঘদিনের সুখ-দুঃখ ও পারিবারিক বন্ধনের পর অবশেষে তাঁদের এই প্রেমকাহিনির নতুন অধ্যায় শুরু হলো স্বামী-স্ত্রী হিসেবে।










