২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করায় প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান। এ মাসে মুসলমানরা ভোরের আগে সেহরি খেয়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। পাশাপাশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও সামাজিক বন্ধন দৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ উদ্যাপিত হতে পারে। আগামী বছরের ৮ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ (মঙ্গলবার) ঈদুল ফিতর হবে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হয়ে ১০ মার্চ (বুধবার) ঈদ উদ্যাপিত হবে।
আরও
অন্যদিকে ইসলামের অন্যতম পবিত্র দিন আরাফাত দিবসের পর উদ্যাপিত হয় ঈদুল আজহা। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১৫ থেকে ১৮ মের মধ্যে আরাফাত দিবস ও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এসব দিনের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।










