Opens in a new tab
সর্বশেষ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল

PmWeb Popup (3)

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য অতীতে প্রকট আকার ধারণ করেছিল। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ বা স্থগিত করেছিল।

তারেক রহমান আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার এ সমস্যার সফল সমাধান করেছে। সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। এর মধ্যে স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার পরিবার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহতদের পরিবারের প্রায় এক হাজার জনকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য সুন্দরভাবে ব্যাখ্যা দিলে সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা করতে পারে।

এর আগে সংসদ সদস্য কামরুল হাসান তাঁর প্রশ্নে দালালদের প্রতারণার শিকার হয়ে মানুষের নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে বলেন, সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে প্রণোদনা দেয়, তবে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)