পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনবী হজরত মুহাম্মাদের (সা.) প্রতি গভীর ভালোবাসা ও আবেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (২৬ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নবীজির প্রতি উম্মতের এই অনুভূতির কথা তুলে ধরেন। পোস্টে তিনি লিখেছেন, আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসুলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন। আসন্ন সেই বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন এবং মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন।
উম্মতের প্রতি নবীজির এই অপার ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে মিজানুর রহমান আজহারী মূলত একটি বিখ্যাত হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা (রা.)–এর সেই হাদিসে বলা হয়েছে, একদিন জান্নাতুল বাকিতে গিয়ে রাসুল (সা.) মৃতদের সালাম জানান এবং বলেন যে তিনি তাঁর ভাইদের দেখার আশা করেন। তখন সাহাবিরা প্রশ্ন করেন, তাঁরা নবীজির ভাই কি না। উত্তরে রাসুল (সা.) জানান, সাহাবিরা হলেন তাঁর বন্ধু, আর তাঁর ভাই তাঁরাই, যাঁরা এখনো দুনিয়ায় আসেননি।
আরও
অদেখা উম্মতকে কিয়ামতের দিন কীভাবে চিনবেন, সাহাবিদের এমন প্রশ্নের জবাবে নবীজি (সা.) ঘোড়ার উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, কালো ঘোড়ার পালের মধ্যে সাদা কপাল ও হাত-পা ওয়ালা ঘোড়াকে যেমন সহজেই চেনা যায়, তেমনি ওজুর কারণে কিয়ামতের দিন তাঁর উম্মতের কপাল ও হাত-পা শুভ্র ও উজ্জ্বল থাকবে। আর সেই উজ্জ্বলতা দেখেই তিনি হাউজে কাউসারের সামনে অদেখা উম্মতদের সহজেই চিনে নেবেন।











