বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর মৃত্যুর কারণে ফ্লাইটটি ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে। বিমানের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই যাত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে ফ্লাইটটি মাসকাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে অবতরণের পর ওই যাত্রীর মৃত্যু নিশ্চিত করা হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে ফ্লাইটটি মাসকাটে আটকা পড়ায় চরম দুর্ভোগ ও অনিশ্চয়তায় পড়েছেন উড়োজাহাজে থাকা অন্য সাধারণ যাত্রীরা।
ফ্লাইটটি মাসকাটে অবতরণের পর মৃতদেহটি উড়োজাহাজ থেকে নামানোর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় আইন অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতি না মেলায় তা এখনো সম্ভব হয়নি। এস২-এএফপি নিবন্ধিত এই উড়োজাহাজটিতেই মৃতদেহটি রাখা হয়েছে এবং বিমান কর্তৃপক্ষ তা নামানোর অনুমতির অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃতদেহ নামানোর আইনি অনুমতির জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মৃতদেহটি নামানো হবে এবং এরপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ফ্লাইটটি দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গন্তব্যমুখী যাত্রীরা। কখন ফ্লাইটটি মাসকাট থেকে পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। পুলিশের ছাড়পত্র ও আনুষঙ্গিক আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ামাত্রই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অপেক্ষমাণ যাত্রীদের গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বিমান কর্তৃপক্ষ।










