অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। আগামী আগস্টেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘প্রবাসী কার্ড’। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রবাসীদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকারের এই যুগান্তকারী উদ্যোগ।
এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে-বিদেশে পাবেন অভাবনীয় সব সুবিধা। বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন ও লাউঞ্জ ব্যবহার, বিমান টিকিট বা হোটেল বুকিংয়ে ছাড়ের পাশাপাশি মিলবে ডুয়াল কারেন্সি ব্যাংকিং সেবা। এছাড়া হাসপাতালে অগ্রাধিকার, বিনামূল্যে মরদেহ পরিবহন, সহজ শর্তে ঋণ, বিমা এবং জমি রেজিস্ট্রেশন ও কনস্যুলার সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা।
আগামী মাসের মাঝামাঝিতে জনতা ব্যাংকের মাধ্যমে প্রথম পর্যায়ে এই ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এর পুরো কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হবে।









