বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণপত্র তিনি গ্রহণ করেছেন। এই সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও তিনি তার সুবিধামতো সময়ে ঢাকায় আসতে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। এখন সৌদির প্রভাবশালী এই নেতার বাংলাদেশ সফরের বিষয়ে কাজ চলছে।
সৌদি যুবরাজের সফর বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করতে পারে। এছাড়া সৌদি আরবের শ্রমবাজার আরও বড় করার পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগের সম্ভাবনার নতুন খাত খোঁজা হতে পারে।
এর আগে ৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান যুবরাজ। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের কথা জানানো হয়। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তখন প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও
চিঠিতে সৌদি যুবরাজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। সৌদি রাষ্ট্রদূত সেদিন আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। এছাড়া সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগের বিষয়ে আলোচনা করার জন্য শিগগিরই ঢাকায় আসবে।










