বগুড়ায় নারী সহপাঠীর কাছে জুতোপেটার শিকার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে এনসিপির বগুড়া জেলা শাখার এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং বা গাড়ি চালনা প্রশিক্ষণ কোর্সের একজন শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী ক্ষুব্ধ হয়ে তাঁকে উপুর্যুপরি জুতোপেটা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, টিটিসিতে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারী সহপাঠীর সঙ্গে আলী আজম মুঠোফোনে অশোভন ভাষায় কথা বলতেন এবং অশালীন খুদে বার্তা পাঠাতেন। তাঁর এমন ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত আচরণে নারী প্রশিক্ষণার্থীরা চরম অতিষ্ঠ হয়ে ওঠেন। এর জেরে গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি কক্ষে আটকে রেখে জুতোপেটা করেন। উদ্ভূত পরিস্থিতিতে আলী আজম নিজের কৃতকর্মের কথা স্বীকার করে সেখানে ক্ষমা প্রার্থনা করেন।
আরও
এ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং কোর্সের প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণের কারণেই ক্ষুব্ধ হয়ে একজন নারী তাঁকে জুতোপেটা করেছেন। পরে আলী আজম নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। সরকারি ছুটি শেষে অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, জুতোপেটার ভিডিওটি ভাইরাল হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয় জাতীয় নাগরিক পার্টি। এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরো ঘটনার বিষয়ে নিজ অবস্থান ব্যাখ্যার জন্য তাঁকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।



![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)





