বিদেশিদের বসবাসের নীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন নিয়মের ফলে দেশটিতে বিদেশিদের বসবাস আগের চেয়ে অনেক সহজ হয়ে গেল। এখন থেকে যেসব বিদেশি ওমানে জমি বা বাড়ি ক্রয় করবেন এবং বিনিয়োগ করবেন, তাঁরা কোনো ওমানি নাগরিকের স্পন্সর ছাড়াই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পেয়ে যাবেন। মূলত ধনী বিদেশি বিনিয়োগকারীদের ভিসা প্রক্রিয়া সহজ করতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুনির্দিষ্ট লক্ষ্যেই ওমান সরকার এ পরিবর্তন এনেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশ ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পূর্ববর্তী বসবাস নীতির অনেক ধারায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নীতি অনুযায়ী, যেসব বিদেশি ওমানে কোনো জমি বা বাড়ির মালিক হয়েছেন কিন্তু এখনো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাঁরাও এখন বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে ভিসা ও অনুমতি পেতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে শুধু একটি সার্টিফিকেট বা প্রমাণপত্র প্রদর্শন করলেই চলবে। শুধু তা-ই নয়, এই সুবিধা সম্পদের মালিকের পাশাপাশি তাঁর পরিবারের কাছের সদস্যরাও পাবেন। অন্যদিকে যেসব কোম্পানি ওমানে বিনিয়োগ করবে, তাদের প্রতিনিধিরাও কোনো স্পন্সর ছাড়াই এই সুবিধা ভোগ করতে পারবেন।
আরও
ভিসার মেয়াদের ব্যাপারে জানানো হয়েছে, যাঁরা জমি বা বাড়ির রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন করেননি, তাঁদের প্রাথমিক অবস্থায় ছয় মাস থেকে এক বছর মেয়াদি ভিসা দেওয়া হবে। অন্যদিকে কোম্পানির প্রতিনিধিরা স্পন্সর ছাড়াই যে ভিসা পাবেন, তা ইস্যু হওয়ার তিন মাসের মধ্যেই তাঁদের ওমানে প্রবেশ করতে হবে।







![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)

