সর্বশেষ

আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

C6f5f2fa79623196d619fd19113ffff1c71500ab237a5c45ProbashircityWebPopupUpdate

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে দেশজুড়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যেই আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই প্রস্তাবের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে যথাক্রমে ‘লোহার রং’ ও ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বাহিনীর ভেতরে ও বাইরে এ নিয়ে সমালোচনা শুরু হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনিফর্মের বিভিন্ন রঙের নমুনা পুনরায় পর্যালোচনা করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে সবার কাছে গ্রহণযোগ্য নতুন এই রং নির্বাচন করা হয়।

নতুন প্রস্তাবনা অনুযায়ী, দেশের সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ বা জলপাই। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র‌্যাব ছাড়া পুলিশের অন্যান্য সাধারণ ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। মেট্রোপলিটন ও অন্যান্য ইউনিট—উভয় ক্ষেত্রেই প্যান্টের রং হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘টিসি টুইল খাকি’।

এই পরিবর্তন দ্রুত কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়াও ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদস্যদের ইউনিফর্ম সরবরাহ তাদের প্রাপ্যতার ভিত্তিতে হয়ে থাকে, তাই এই রং পরিবর্তনের ফলে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। প্রস্তাবিত এই খসড়া প্রজ্ঞাপন আকারে জারির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate