নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করতে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন। ১২ জুন লন্ডনে রাজপরিবারের আয়োজনে অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হবে।
জানা গেছে, এই সফরে ড. ইউনূস রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। সফরের কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রী, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে। সফর শেষে তিনি ১৩ জুন ঢাকায় ফিরবেন।
প্রসঙ্গত, এই সম্মানজনক পুরস্কারটি রাজা চার্লসের প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়। ২০২৪ সালে এই অ্যাওয়ার্ডের প্রথম প্রাপক ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন। সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে রাজা চার্লস নিজ হাতে পুরস্কারটি তুলে দেন। ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন জানান, হারমনি অ্যাওয়ার্ডটি অন্যান্য ক্যাটাগরির তুলনায় আলাদাভাবে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক বিবেচিত হয়।
আরও
প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ড. ইউনূসের একাদশ বিদেশ সফর। এর আগে গত ১০ মাসে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সফর শুরু করেন এবং সর্বশেষ মে মাসের শেষে জাপান সফরে যান। জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহণ ছাড়াও তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
উল্লেখযোগ্যভাবে, ড. ইউনূসের এ পর্যন্ত করা আন্তর্জাতিক সফরগুলোর মধ্যে কোনোটি রাষ্ট্রীয় সফর ছিল না। তবে আগামী জুলাই মাসে প্রস্তাবিত মালয়েশিয়া সফরটি ‘স্টেট ভিজিট’ হিসেবে বাস্তবায়িত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মিলেছে।



![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)





