সর্বশেষ

সৌদি আরবে নতুন খননকাজ, খোঁজা হচ্ছে প্রাচীন মুসলিমদের হজের পথ

Image 351947Web Popup (3)

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের ইতিহাস অনুসন্ধানে নতুন প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। দেশটির আল-উলা ও খায়বার অঞ্চলে ২০২৬–২৭ মৌসুমের এই খনন ও গবেষণাকাজে অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আল-উলা (আরসিইউ) গত ২১ অক্টোবর নতুন এই গবেষণা মৌসুমের কার্যক্রম শুরু করে। এর আওতায় প্রাচীন বসতি, রাজ্য, মরূদ্যানকেন্দ্রিক জনপদ, হজযাত্রার পথ, বাণিজ্য এবং পানি ব্যবস্থাপনা নিয়ে বিশদ অনুসন্ধান চালানো হচ্ছে।

Download

এই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দক্ষিণ আল-উলার প্রাচীন যাতায়াতপথ চিহ্নিত করা। এ লক্ষ্যে আল-বাদাই ও জুমুররুদ দুর্গের মধ্যবর্তী ১০০ কিলোমিটারের বেশি এলাকায় জরিপ চালানো হচ্ছে। প্রাচীন দুর্গ, পুরোনো রেলস্টেশন ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করে ইসলামি যুগসহ বিভিন্ন সময়কার উত্তর-দক্ষিণ যাতায়াতপথের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন গবেষকেরা।

পাশাপাশি খায়বার অঞ্চলে প্রাচীন বসতি ও ইসলামি যুগের জনপদ নিয়ে গবেষণা চলছে। হেগরা ও দাদানেও খননকাজের মাধ্যমে প্রাচীন মানুষের জীবনযাপন, বসতি ও সমাধিক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আল-উলা অঞ্চলে এরই মধ্যে ২৫ হাজারের বেশি প্রাচীন শিলালিপি নথিভুক্ত হয়েছে। এসব শিলালিপি থেকে ওই অঞ্চলের ভাষা, সংস্কৃতি, বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছেন গবেষকেরা। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি ঐতিহাসিক এসব নিদর্শন সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করার কাজও চলছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)