সৌদি আরবে ২০২৬ সালের অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে। গত বছরের একই সময়ের তুলনায় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এই হারে বেড়েছে বলে জানিয়েছে দেশটির সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষ (গ্যাস্ট্যাট)। রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে গ্যাস্ট্যাট এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাত, যেগুলোর দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। এর পাশাপাশি খাদ্য ও পানীয়ের দাম ১ দশমিক ১ শতাংশ এবং পরিবহন ব্যয় বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। শুধু আবাসন ভাড়াই বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, বিনোদন, খেলাধুলা ও সংস্কৃতি খাতে ২ দশমিক ৭ শতাংশ এবং বিমা ও আর্থিক সেবা খাতে দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।
তবে কিছু কিছু খাতে দাম কমার চিত্রও দেখা গেছে। আসবাবপত্র, গৃহস্থালি সরঞ্জাম ও বাড়ির রক্ষণাবেক্ষণ খাতে দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং পোশাক ও জুতার দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। সব মিলিয়ে মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি অর্থাৎ শূন্য দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট অবদান রেখেছে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাত। গ্যাস্ট্যাটের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অক্টোবরে সৌদি আরবে পাইকারি মূল্যসূচকেও বার্ষিক ভিত্তিতে ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।









