সৌদি আরবের হাইল প্রদেশে মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে ‘মেথামফেটামিন’ বা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত ভয়ংকর মাদক উদ্ধার করেছে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর (জিডিএনসি)। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ না করা হলেও ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জিডিএনসি এই তথ্য নিশ্চিত করে। ওই পোস্টে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মাদক চোরাচালান বা এ সংক্রান্ত যেকোনো অপরাধ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। যারা এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও সংস্থাটির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।
মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও ক্ষতিকর একটি মাদক, যা বিশ্বব্যাপী ‘আইস’ নামে সমধিক পরিচিত। মানুষের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলা এই মাদকটি মাত্র কয়েকদিন ব্যবহার করলেই সেবনকারী এর ওপর চরমভাবে আসক্ত হয়ে পড়েন। উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে সৌদি আরব সরকার বরাবরই ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করে। দেশটিতে মাদক চোরাচালান বা ব্যবসার প্রমাণ মিললে অপরাধের মাত্রা ভেদে দীর্ঘমেয়াদি কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকরের কড়া বিধান রয়েছে।









