আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কড়া শাস্তিস্বরূপ মাত্র এক সপ্তাহে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই অভিযানে বিভিন্ন অপরাধে আরও ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনে প্রায় সাত হাজার, সীমান্ত নিরাপত্তায় চার হাজার এবং শ্রম আইন ভঙ্গের দায়ে সাড়ে তিন হাজার প্রবাসী রয়েছেন। এছাড়া অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১ হাজার ৪৫০ জনের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ২৭ জন দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ইতোমধ্যে আটক ১৮ হাজার ৯১৪ জনকে ট্রাভেল ডকুমেন্টের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের কোনোভাবে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানা গুনতে হবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।











