সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে নিজের মাকে গুলি করে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দণ্ড কার্যকরের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম নাসের বিন ইদ বিন আওয়াদ আল-মুদাইবিরি, তিনি সৌদি আরবেরই নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, নাসের তার মা ফাতেমা বিনতে সালাহকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন। মর্মান্তিক এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে। নিবিড় তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। উপযুক্ত আদালতে বিচারিক প্রক্রিয়া চলাকালে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
আদালত এই অপরাধের ভয়াবহতা এবং নিজ জন্মদাত্রী মাকে হত্যার বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিয়ে নাসেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর আইনি প্রক্রিয়ার সব ধাপ পেরিয়ে সুপ্রিম কোর্টেও এই রায় বহাল থাকে। সর্বশেষ রাজকীয় আদেশের মাধ্যমে ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী গত শনিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও
এই ঘটনার পর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, যারা অন্যের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে ইসলামী আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। এমন জঘন্য অপরাধের চিন্তাভাবনা যারা করছেন, তাদের জন্য এই শাস্তি একটি কড়া সতর্কবার্তা।











